প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর একটি মাইলফলক হবে বলে মন্তব্য করে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এ সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আগামী ২৬ মার্চ ড. ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন।
প্রধান উপদেষ্টার সফরের ওপর ভারত ও যুক্তরাষ্ট্রের নজর থাকবে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে আমরা কাজ করছি। দুই দেশ কিভাবে পারস্পরিকভাবে লাভবান হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। তিনি বলেন, এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। প্রধান উপদেষ্টার সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে আমরা প্রত্যাশা করছি।
এ দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হবে না। কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
এ সফরে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ যুক্ত হওয়ার সিদ্ধান্ত হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি নিশ্চিত নই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই।
ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য ঢাকা অনুরোধ করেছিল। ভারত উত্তর দিয়েছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতের উত্তর এখনো আমরা পাইনি।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ দুপুরে চীনের হাইনান প্রদেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের প্লেনারি সেশনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সাথে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠক করবেন ড. ইউনূস। একই দিন হুয়াই কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। ড. ইউনূস সেখানে বক্তব্য রাখবেন। এরপর বেইজিং থেকে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।



