মধ্যপ্রাচ্যে উত্তেজনার সাথে বাড়ছে অপরিশোধিত তেলের দাম

Printed Edition

এএফপি

মধ্যপ্রাচ্যে নতুন করে সঙ্ঘাত ছড়িয়ে পড়ায় বুধবার তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দেয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের দিকেও সতর্ক নজর রাখছেন ব্যবসায়ীরা। কেউ কেউ আশঙ্কা করছেন, ফেড সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে। মঙ্গলবার ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান হামলার পর তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে দুই ডজনের বেশি ড্রোন হামলা চালিয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সেনা ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ দিয়েছিল।’