কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন

প্রধানমন্ত্রীর জন্য ১৯১ ও মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭ প্রশ্ন জমা

Printed Edition
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ : পিআইডি
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ : পিআইডি

সংসদ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে গতকাল। এই অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। তবে বাজেট আলোচনার প্রয়োজন বিবেচনায় ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা চার দিন প্রতিদিন দুই বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। একই সাথে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের প্রয়োজন হলে সে ক্ষমতা স্পিকারের ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো: শফিকুর রহমান এমপি, ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চিফ হুইপ মো: নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এ টি এম আজহারুল ইসলাম এমপি, বিরোধীদলের চিফ হুইপ মো: নাহিদ ইসলাম এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির এমপি। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপিও বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে চলতি বাজেট অধিবেশনের কার্যসূচি, সময় বণ্টন এবং স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণভাবে বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণের বিষয়টিও বৈঠকে উল্লেখ করা হয়।

এ দিকে আসন্ন অধিবেশনের জন্য সংসদ সদস্যদের ব্যাপক আগ্রহের প্রতিফলন দেখা গেছে প্রশ্নোত্তর ও বিভিন্ন নোটিশে। সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ এবং ১৩১ বিধির আওতায় সিদ্ধান্ত প্রস্তাবের ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।