ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের অনুমতি চেম্বার আদালতে জামিন স্থগিত

ফারজানা রুপা ও শাকিল দম্পতি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

একই দিনে দুই আদালত থেকে আসা পৃথক আদেশে আইনি জটিলতা আরো বেড়েছে জুলাই গণ-অভ্যুত্থান ও শাপলা চত্বরের ঘটনায় অভিযুক্ত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার। এক দিকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাইকোর্টের দেয়া তাদের জামিন স্থগিত করেছেন; অন্য দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় ফারজানা রুপাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

গতকাল রোববার উচ্চ আদালত ও ট্রাইব্যুনালের পৃথক দুই বিচারিক বেঞ্চ থেকে এই আদেশগুলো আসে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল রোববার এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী। এ দিন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জিজ্ঞাসাবাদের এই আদেশ মঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে আরো দুই মাস সময় বৃদ্ধি করেন। এর আগে সকালে ডা: দীপু মনি, শাহরিয়ার কবির, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ এই মামলায় গ্রেফতার মোট ৯ আসামিকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে’র ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে এ পর্যন্ত ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা, যার মধ্যে ঢাকায় ৩২ জন এবং নারায়ণগঞ্জে ২০ জন রয়েছেন।

এ দিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সাথে তাদের জামিন বিষয়ে পূর্বে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

চেম্বার বিচারপতি মো: রেজাউল হকের আদালত রোববার এই আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ১১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন মামলায় এই দম্পতিকে জামিন দিয়েছিলেন। এর মধ্যে ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেয়া হয়েছিল। চেম্বার আদালতের আজকের স্থগিতাদেশের ফলে এই সাংবাদিক দম্পতির কারামুক্তি আপাতত আটকে গেল। ২০২৪ সালের ২১ আগস্ট বিদেশ গমনের প্রাক্কালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলা ও রুবেল হত্যা মামলাসহ জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলায় দফায় দফায় রিমান্ড শেষে ৩১ আগস্ট তাদের কারাগারে পাঠানো হয়। এরপর শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলাতেও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানো হয়।