এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুরে একটি আমড়া গাছের প্রতিটি থোকায় ঝুলছে হাজার হাজার আমড়া। উপজেলার বড়কৈবর্তখালি গ্রামের মিলবাড়ি এলাকার টমটম চালক মাসুদের রোপণ করা এই গাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অলৌকিক ও বিস্ময়কর এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা।
জানা গেছে, তিন বছর আগে স্থানীয় পাকাপুল বাজার থেকে স্বরূপকাঠির এক ভ্রাম্যমাণ বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা দিয়ে একটি হাইব্রিড জাতের আমড়া চারা কেনেন মাসুদ। চলতি বছর গাছটিতে প্রথমবারের মতো ফলন আসে। গাছটিতে মাত্র ১৪টি থোকা এসেছে, যার প্রতিটি থোকায় গণনা করা যাচ্ছে এক হাজারেরও বেশি আমড়া। গাছটিতে বাড়তি কোনো রাসায়নিক সার বা ওষুধ দেয়া হয়নি, শুধু গোড়ায় গোবর সার ব্যবহার করা হয়েছিল।
নিজের চোখের সামনে এমন অবিশ্বাস্য ফলন দেখে খোদ মালিক মাসুদও বিস্মিত। তবে আমড়াগুলো আকারে বড় হতে শুরু করায় যেকোনো সময় ডাল ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ডাল ভাঙা রোধ করতে রশি দিয়ে টেনে থোকাগুলোকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এই বিপুল পরিমাণ ফল কিভাবে টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নেবেন বলে জানান তিনি।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান, ফেসবুকে ভিডিও দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি। কিন্তু এখানে এসে নিজের চোখে দেখে চোখ কপালে ওঠার জোগাড়। এলাকার অনেক তরুণ ও কৃষক এই বিস্ময়কর ফলন দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং মাসুদের কাছ থেকে চাষপদ্ধতি সম্পর্কে পরামর্শ নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদা শারমিন আফরোজ বলেন, যথাযথ যতœ এবং সঠিক হরমোন বিন্যাসের কারণে এমনটি ঘটতে পারে। এই ‘হাজারি আমড়া’ গাছটি গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে।



