রামপালে সরকারি ওষুধ তিন গুণ দামে বিক্রি

Printed Edition

রবিউল ইসলাম বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের এক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ওষুধ নির্ধারিত মূল্যের তিন গুণ দামে বিক্রির অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার দুপুরে স্থানীয় হাঁস খামারি মাহমুদুন নবী কৌষিক অভিযোগ করেন, হাঁসের বাচ্চার চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গেলে সরকারি নির্ধারিত ৫০ টাকার একটি ওষুধের জন্য তার কাছ থেকে ১৫০ টাকা নেয়া হয়। তিনি এ অভিযোগ করেন হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) সুভাষ চন্দ্র পালের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এর কারণ জানতে চান। এ সময় তিনি প্রথমে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে পরে লোকজন বেশি থাকায় ভুলবশত অতিরিক্ত টাকা নেয়া হয়েছে বলে জানান।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর দাবি, এর আগেও ওই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ওষুধ অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছিল। তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।