দুর্নীতিবাজ কখনো দেশপ্রেমিক হতে পারে না: বিমানমন্ত্রী

Printed Edition

মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না, আর কোনো দুর্নীতিবাজও দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেম ছাড়া জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

গত রোববার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। অন্যায়ের সাথে আপস না করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মেধা, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম দিয়ে তরুণ প্রজন্মকেই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। তাই মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে এবং সহপাঠীদের মুক্ত রাখতে হবে।

শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সঠিক পথে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরো আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সরকার পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য দেন।