ইরাবতী
মিয়ানমারের পূর্ব শান রাজ্যে রাশিয়ার প্রথম বিনিয়োগকৃত খনি প্রকল্প টাংস্টেন উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। একই অঞ্চলে আগে থেকেই পরিচালিত একটি বৃহৎ চীনা খনি প্রকল্পের পাশাপাশি রুশ কোম্পানির প্রবেশ নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে শান হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এসএইচআরএফ)।
গত বৃহস্পতিবার এসএইচআরএফ জানায়, মিয়ানমারের সামরিক সরকার রুশ প্রকল্পটিকে কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। খনিটির অবস্থান পূর্ব শান রাজ্যের মংটন টাউনশিপের সর্বোচ্চ পর্বত লই খি লেকের উত্তর দিকে। এলাকাটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
অন্য দিকে পর্বতটির দক্ষিণে মং জাউদ গ্রামাঞ্চলে একটি বৃহৎ চীনা টাংস্টেন খনি ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। এসএইচআরএফের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। সেখানে উৎপাদিত টাংস্টেন ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) সহযোগিতায় চীনে পাঠানো হচ্ছে। মং জাউদ এলাকা যৌথভাবে নিয়ন্ত্রণ করে ইউডব্লিউএসএ এবং মিয়ানমার সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দারা প্রথম রুশ প্রকল্পটির বিষয়ে জানতে পারেন ২০২৫ সালের মে মাসে। সে সময় একটি রুশ খনিজ জরিপকারী দল এলাকায় আসে। তাদের সাথে ছিল জান্তা সরকারের সেনাসদস্য, পুলিশ ও স্থানীয় মিলিশিয়া সদস্যরা। পরে চলতি বছরের জানুয়ারিতে দলটি দ্বিতীয়বার সেখানে যায় এবং জমি পরিমাপের কাজ করে। তখন কয়েকজন গ্রামবাসীকে জানানো হয় যে, নেইপিডো কর্তৃপক্ষ ইতোমধ্যে খনিজ উত্তোলনের অনুমতিপত্র দিয়ে দিয়েছে।
এসএইচআরএফের প্রতিবেদনে বলা হয়েছে, পরে ইউডব্লিউএসএ’র এক প্রশাসক স্থানীয় গ্রামবাসীদের রুশ টাংস্টেন খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উৎসাহিত করেন। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব শান রাজ্যে এটি রাশিয়ার প্রথম খনি উদ্যোগ হলেও রাজ্যের দক্ষিণাঞ্চলে লৌহ আকরিক খাতে দেশটির সম্পৃক্ততা আগে থেকেই রয়েছে। রুশ খনি কোম্পানিগুলো মিয়ানমারের সামরিক মালিকানাধীন প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক কো-অপারেশনের (এমইসি) সাথে যৌথভাবে কাজ করেছে এবং হোপং টাউনশিপে একটি ইস্পাত কারখানা স্থাপন করেছে।
স্থানীয় জনগণের বিরোধিতা সত্ত্বেও ওই প্রকল্প এখনো চালু রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এসএইচআরএফ জানায়, মং জাউদের চীনা টাংস্টেন খনিটি ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করে। বর্তমানে সেখানে প্রায় ১০০ জন চীনা কর্মী কাজ করছেন, যাদের বেশির ভাগই ব্যবস্থাপক ও প্রযুক্তিবিদ। এ ছাড়া প্রায় ২৫০ জন মিয়ানমার নাগরিক শ্রমিকও সেখানে কর্মরত আছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে খনির বর্জ্যে দূষিত পাক গুট ঝরনার পানির সংস্পর্শে এসে আশপাশের গ্রামের মানুষ চর্মরোগে আক্রান্ত হন।



