ইসরাইলের আগ্রাসী গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

Printed Edition

এনবিসি নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও খোদ আমেরিকার সরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইলের আগ্রাসী গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা তৎপরতা আশঙ্কাজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই নজিরবিহীন গোয়েন্দাগিরির ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এখন চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে উঠেছে।

উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এই শীর্ষ মিত্রের কাছ থেকে আসা কাউন্টার-ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে অফিশিয়ালি সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এই চাঞ্চল্যকর জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সামরিক রূপরেখা নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই পেন্টাগনের প্রভাবশালী শাখা ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)’ এই নতুন এবং কঠোর ‘পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা’ জারি করতে বাধ্য হয়েছে।

পেন্টাগনের ভেতরের কর্মকর্তারা জানিয়েছেন, ডিআইএ তাদের একটি অভ্যন্তরীণ অত্যন্ত সুরক্ষিত নেটওয়ার্কে একটি বিশেষ বার্তা পোস্ট করেছে, যা বর্তমান মার্কিন কর্মকর্তাদের একজন সরাসরি দেখেছেন। ওই অত্যন্ত গোপন নথিতে ইসরাইলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে সরাসরি ‘ক্রিটিক্যাল’ বা ‘সঙ্কটজনক’ স্তরে উন্নীত করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ-এর এই মূল্যায়ন রিপোর্টে একটি চার্টসহ সুনির্দিষ্ট সাত পৃষ্ঠার একটি বিশদ নথি রয়েছে। মানুষের মাধ্যমে সরাসরি গোপন তথ্য সংগ্রহ এবং অত্যাধুনিক কারিগরি উপায়ে ডিভাইস বা সার্ভার হ্যাক করে তথ্য চুরির ক্ষেত্রে ইসরাইলের সক্ষমতা ও আগ্রাসন এখন বিশ্বমঞ্চে ‘সঙ্কটজনক স্তরে’ রয়েছে বলে মার্কিন নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের কর্মকর্তাদের মূল আশঙ্কা হলো, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ উচ্চপর্যায়ের আলোচনা, কূটনৈতিক রণকৌশল এবং হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের গোপন তথ্য গোপনে হাতিয়ে নিতে ইসরাইল বিশেষভাবে মার্কিন শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর অপচেষ্টা চালাচ্ছে।

বিশ্বজুড়ে শত্রু বা মিত্রদেশগুলোর একে অপরের ওপর স্বাভাবিক গোয়েন্দা নজরদারি চালানো একটি সাধারণ ঘটনা হলেও, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের সাম্প্রতিক তৎপরতা সাধারণ ও স্বাভাবিক আন্তর্জাতিক গোয়েন্দাগিরির সমস্ত সীমা ও প্রোটোকল ছাড়িয়ে অনেক দূর চলে গেছে।