আবদুল কাদের তাপাদার সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমানের মরহুম শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে ফিরছে সেই ‘ডাকঘর’। ঐতিহ্যবাহী ডাকঘরটির সামনে ফের দেখা যাবে অতিপরিচিত সেই লাল বাক্স। ভেতরে গল্প হবে হলুদ-সাদা আর বাদামি খামের। প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘর হওয়ায় এর ঐতিহ্য বেড়ে যাবে যেন আরো কয়েক গুণ। প্রধানমন্ত্রীর সহধর্মিণী সিলেটের মেয়ে ডা: জুবায়দা রহমানের পূর্বপুরুষদের এই ঐতিহ্যবাহী বাড়ি এলাকায় জমিদার পরিবারের বাড়ি হিসেবে পরিচিত।
আগামীকাল মঙ্গলবার ডাকবিভাগের আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে নতুন করে সাজানো গোছানো এই পুরনো জরাজীর্ণ ও ১৩ বছর ধরে পরিত্যক্ত ডাকঘর।
তথ্য মতে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় বিশাল জায়গা নিয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পৈতৃক বাড়ি। এ বাড়ির একটি অংশে ৪২ বছর আগে ১৬ শতক জমি ডাক বিভাগকে দান করে দিয়েছেলেন স্বত্বাধিকারীরা। স্থাপন করা হয়েছিল শাখা ডাকঘর। সেবা পেতেন গ্রাহকরা। তবে ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে এ অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয় সিলাম সাব-পোস্ট অফিসে। তবে সময়ের অপরিহার্যতায় আবারো ডাকঘরটির কার্যক্রম সচল করা হচ্ছে।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ডাকসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ির ১৬ শতক জায়গা ডাক বিভাগকে দান করে দেয়া হয়। সেখানে স্থাপন করা হয় শাখা ডাকঘর (ইডিবিও)। পুরোদমে চলতে থাকে কার্যক্রম। কিন্তু একপর্যায়ে ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে এ শাখার কার্যক্রম স্থানান্তর করা হয়।
তবে, এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির সেই পরিত্যক্ত ডাকঘরটি সংস্কার করে এতে প্রাণ ফেরাচ্ছে ডাক বিভাগ। কয়েক লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ। মঙ্গলবার উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী গতকাল রোববার জানান, মঙ্গলবার বেলা ১১টায় এ ডাকঘর নতুন করে উদ্বোধন করা হবে। এখন থেকে এখানে নিয়মিত সেবা পাবেন সাধারণ মানুষ।
তিনি জানান, এটি আগে ইডিবিও (শাখা ডাকঘর) ছিল। তবে এখন এটিকে টাউন সাব পোস্ট (টিএসপিও) হিসেবে উন্নীত করা হয়েছে। এখানে একজন পোস্টমাস্টার, একজন পোস্টম্যান ও একজন রানার থাকবেন মানুষকে ডাকসেবা দিতে।
সুজিত চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সম্মানার্থে ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলামের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো: আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় পরিত্যক্ত ঘরটি সংস্কার করা হয়েছে। আবার দৃষ্টিনন্দনরূপে ফিরেছে ডাকঘরটি। উদ্বোধনের পর থেকে স্থানীয়দের আর কষ্ট করে সিলাম সাব-পোস্ট অফিসে গিয়ে সেবা পেতে হবে না। এখানেই পাবেন ডাক বিভাগের সব সেবা।



