নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম শহরে দুই গার্মেন্ট কর্মীসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া এলাকার ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বায়েজিদ থানাধীন বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ ভিজুয়্যাল গার্মেন্টসে কাজ করতেন। আর আজিজুল ওই গার্মেন্টসের গাড়ির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। তারা ভিজুয়াল গার্মেন্টসের সামনে পৌঁছালে হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজুলকে পরে চমেক হাসপাতাল থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল করিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে আব্দুল খালেক হাঁটতে বের হন। ভোরে বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্রিজের ওপরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় জনি হোসেন (৩৮) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। উভয়কেই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়া হয়। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শাহিন হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে জনি ও ফিরোজ নামে দু’জন মোটরসাইকেলযোগে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। তারা উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শাহিন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নাবিল শাহরিয়ার ও ডা: তরুণ তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ অফিস জানায়,
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে চালক মো: হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মামুন গুরুতর আহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের সুরুজ আলী শেখের ছেলে।
জানা যায়, শেরপুরের শ্রীবর্দী থেকে ৪০০ বস্তা চাল নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে আটকে যায়। স্থানীয়রা হুমায়ুনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



