পারমাণবিক ইস্যুতে অনড় উত্তর কোরিয়া

Printed Edition

এএফপি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের আগে নিজেদের পারমাণবিক অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে দেশটি তাদের এই অবস্থানকে অপরিবর্তনীয় বলে আখ্যা দিয়েছে। রোববার ভোরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি এই তথ্য জানায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেন, ‘পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আমাদের দেশের মর্যাদা সম্পূর্ণ অপরিবর্তনীয়।’ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে নেয়া আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তিনি জানান, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং। গত মাসে বেইজিংয়ে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সাথে তার শীর্ষ বৈঠকের পরপরই এই সফরের আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফরের পর হোয়াইট হাউজ জানায়, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের অভিন্ন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেছেন।