সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিলের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ বনরুটি ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত প্রায় ২৯ হাজার পিস বনরুটির প্যাকেটে একদিন পরের অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহার করায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে স্থানীয় জনতা গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালক ও হেলপারকে হেফাজতে নেয়। জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংগঠন ‘সুশীলন’-এর বাস্তবায়নে এই মিড-ডে মিলের খাবার শ্যামনগরে সরবরাহ করা হচ্ছিল। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করলে এই জালিয়াতি ধরা পড়ে। আটক করার দিন ৫ জুন হলেও অধিকাংশ প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ লেখা ছিল ‘০৬ জুন ২০২৬’। অর্থাৎ একদিন পরের তারিখ ব্যবহার করে এসব পণ্য সরবরাহের চেষ্টা করা হচ্ছিল।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের খাবারের প্যাকেটে পরদিনের উৎপাদন তারিখ ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক। একটি ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে, যেখানে প্রায় ২৯ হাজার পিস বনরুটির হিসাব পাওয়া গেছে। শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাশত করা হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট দফতরের সাথে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বনরুটিগুলো এখনো কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেনি। ফলে নিয়ম অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপরই এর সম্পূর্ণ দায়ভার বর্তাবে। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও মালামাল থানা হেফাজতে রয়েছে। প্রশাসনের নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।



