ফক্স নিউজ
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময় দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স দেয়ার বিষয়ে আমরা আঙ্কারায় আলোচনা শুরু করেছিলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আরো বেশি ও দ্রুত এই ব্যবস্থা প্রয়োজন।’ হোয়াইট হাউজে তাদের বৈঠকের সময় ট্রাম্প এই অনুরোধে সম্মতি দিয়েছেন। জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আজ আমাদের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি আমাদের লাইসেন্স দেয়ার বিষয়টি মেনে নিয়েছেন।’ ইউক্রেনের নেতা আরো জানান, সম্ভাব্য যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা করতে তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা কোম্পানিগুলোর নির্বাহীদের সাথে বৈঠক করেছেন।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমি আশা করি আমরা যৌথভাবে উৎপাদন করব। এটি খুবই গুরুত্বপূর্ণ।’



