এএফপি
যুক্তরাষ্ট্রে গত এক বছরে মসজিদে হামলা এবং ভাঙচুরের ঘটনা বাড়ছে। গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে মসজিদ ও মুসলিমদের উপাসনালয় লক্ষ্য করে যত হামলা-ভাঙচুর হয়েছিল, চলতি বছর একই সময়সীমায় এ ধরনের ঘটনার বেড়েছে ৫১ শতাংশেরও বেশি। মার্কিন মুসলিমদের অধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। সর্বশেষ তিন মাস অর্থাৎ ২০২৬ সালের মে, জুন ও জুলাই মাসে মসজিদে ভাঙচুর সংক্রন্ত যত ঘটনা ঘটেছে, শতকরা হিসেবে এসব ঘটনা বৃদ্ধির হার আগের বছর ২০২৫ সালের মে, জুন ও জুলাইয়ের তুলনায় ১৮৩ শতাংশ বেশি।
কেয়ারের খবরে অবশ্য ভাঙচুরের পাশাপাশি মসজিদ লক্ষ্য করে সহিংসতা, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, মজজিদ নির্মাণে বাধা দেয়া প্রভৃতিকেও একই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেয়ারের গবেষণা ও অ্যাডভোকেসি শাখার পরিচালক কোরি সেইলর এ প্রসঙ্গে এক বার্তায় বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইসলামভীতি এবং ঘৃণা প্রদর্শন অনেকাংশে সামাজিক গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। মসজিদের পাশাপাশি অন্যান্য সম্প্র্রদায়ের উপাসনালয়েও নিয়মিতই ভাঙচুর হয়, যদিও তা বহুলাংশে কম।’ ‘এই সমস্যা সমাধানে কমিউনিটি নেতাদের এগিয়ে আসতে হবে। ইসলামভীতি ও ঘৃণা নিয়ন্ত্রণে রাখতে তাদের আরো দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।’ মুসলিম বিদ্বেষ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কেয়ার সাধারণত তিন মাস সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখে। তিন মাসে উত্তেজনা বাড়ল কি না- তা লক্ষ্য করাই পর্যবেক্ষণের উদ্দেশ্য।



