সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারিকেল গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হরিরামপুর পাথারেপাড়া গ্রামের মওলা (৩৫) ও দাড়াপাড়া গ্রামের আজিমুদ্দীন (৬০)। স্থানীয় বাসিন্দারা জানান, পেশায় গাছকাটা শ্রমিক মওলা দাড়াপাড়া এলাকায় একটি নারিকেল গাছ কাটছিলেন। এ সময় কেটে ফেলা ডাল পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল তারের ওপর পড়ে ছিঁড়ে যায়। পরে গাছ ও তার সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মওলা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ব্যক্তিরা আজিমুদ্দীনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানার ওসি জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

নতুন গ্যাস কূপখনন শুরু

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাস কূপের আনুষ্ঠানিক খনন শুরু করেছে বাপেক্স। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন’ নামের এই কূপটি সফল হলে প্রতিদিন প্রায় সাত মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ডিরেকশনাল পদ্ধতিতে এক হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খনন চালানো হবে। কর্মকর্তা জাকির হোসেন খান জানান, খনন শেষ করতে ৪৫ দিন সময় লাগবে। এরপর ১৫ দিনের ডিএসটি পরীক্ষার পর গ্যাসের মূল মজুদ ও উৎপাদনক্ষমতা নিশ্চিত হওয়া যাবে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) স্থানীয় প্রতিনিধিরা বলছেন, এই কূপ থেকে গ্যাস পাওয়া গেলে জাতীয় জ্বালানি খাতের পাশাপাশি নোয়াখালীর শিল্প ও সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া স্থানীয় যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা।

বিদেশ পাঠিয়ে প্রতারণা

সৌদি আরবে ভালো বেতনের ড্রাইভিং ও রেস্তোরাঁর চাকরির প্রলোভন দেখিয়ে আট তরুণের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতা গ্রামের আজম খান ও তার ছেলে আবদুল জলিল। ভুক্তভোগীদের স্বজনরা জানান, বিদেশে নেয়ার পর চুক্তি অনুযায়ী কাজ না দিয়ে তরুণদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এর মধ্যে ফোরকান নামে এক যুবক ২০ দিন ধরে নিখোঁজ। নির্যাতনের শিকার রায়হানকে দেশে ফেরাতে পরিবারের গুনতে হয়েছে ৯ লাখ টাকা। বর্তমানে নিঃস্ব আট পরিবার বিচারের দাবিতে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছে। ইউএনও রুহুল আমিন বিষয়টি তদন্তের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল জানান, প্রাথমিকভাবে অভিযুক্তদের পক্ষ থেকে ভুক্তভোগীদের আংশিক টাকা ফেরত দেয়া হয়েছে। তবে জলিল মুঠোফোনে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।

ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম

নৈতিকতা শিক্ষা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার থিওলজি অনুষদে এই প্রেজেন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিভাগের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী কুতুব উদ্দিন বলেন, কেবল পুঁথিগত ইলম নয়; সাহাবিদের মতো ব্যবসায়িক নেতৃত্ব, দানশীলতা ও সামাজিক কল্যাণের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজগঠনে এগিয়ে আসতে হবে। বর্তমান বিশ্বের কর্মসংস্থান সঙ্কট মোকাবেলায় হালাল ব্যবসার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহর উপস্থিতিতে এবং অধ্যাপক ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ-বিদেশের অন্য শিক্ষকরাও বক্তব্য দেন। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। ইবি প্রতিনিধি।

চালকদের ডোপ টেস্ট শুরু

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মাদকমুক্ত পরিবহনব্যবস্থা গড়ে তুলতে চুয়াডাঙ্গায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটের গণপরিবহন কর্মীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে ও স্থানীয় পরিবহন মালিক সমিতির সহযোগিতায় জেলা সরকারি হাসপাতালে এ পরীক্ষা চলছে। চালক, সুপারভাইজার ও হেলপারদের পর্যায়ক্রমে পরীক্ষার আওতায় আনা হচ্ছে। মাদকের উপস্থিতি পাওয়া গেলে সাথে সাথে চাকরিচ্যুতসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। নিরাপদ ভ্রমণের অংশ হিসেবে বাধ্যতামূলক চালক পরিবর্তন, পর্যাপ্ত বিশ্রাম ও ওভারস্পিডিং রোধে পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো জননিরাপত্তার জন্য বড় হুমকি। চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা।

সবজির বাজারে আগুন

বগুড়ার আদমদীঘিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। সবজির বাজার চড়া হওয়ায় সাধারণ ও নি¤œ আয়ের ক্রেতাদের কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে। এক সপ্তাহ আগে যে পটোল কেজিপ্রতি ১৫ টাকায় বিক্রি হতো, তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। বেগুন ১৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং কাঁচামরিচ প্রকারভেদে ২৯০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা ও আদা ১৬০ টাকায় উঠেছে। বাড়তি দামের কারণে খুচরা বিক্রেতারা কেজি বা আধা কেজির বদলে ২৫০ গ্রাম হিসাবে সবজি বিক্রি করছেন। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় কেনাকাটা ছাঁটাই করছেন। ইউএনও মাসুমা বেগম জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটিং ও কৃত্রিম সঙ্কট রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

৩টি মর্টার শেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতির পৌরসভা এলাকায় পানির লাইনের কাজের জন্য মাটি খনন করার সময় তিনটি পুরনো ও সন্দেহজনক রকেট সদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিঅ্যান্ডটি রোডে পৌরসভার ড্রেন খনন করছিলেন শ্রমিকরা। মাটির তিন-চার ফুট গভীরে ধাতব বস্তুগুলো দেখতে পেয়ে তারা সাথে সাথে কাজ বন্ধ করে পুলিশে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে উদ্ধার করা বস্তুগুলো পুরনো শক্তিশালী বিস্ফোরক বা রকেট শেল বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা করার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। লক্ষ্মীপুর প্রতিনিধি।

বিজিবির ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সদর উপজেলার বৈকারী সীমান্তে ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক মেজর শাদমান শাকিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবে তাদের এই উদ্যোগ। তিনি আরো জানান, দুর্যোগকবলিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতে বিজিবির এই ধরনের সহায়তাকার্যক্রম অব্যাহত থাকবে। কঠিন সময়ে বিজিবির পক্ষ থেকে খাদ্যসহায়তা পেয়ে সীমান্তবর্তী জনসাধারণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাতক্ষীরা প্রতিনিধি।