নয়া দিগন্ত ডেস্ক
দেশে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে চারজনই ঢাকা বিভাগে মারা গেছে। এ ছাড়া- চট্টগ্রাম, ময়মনসিংহে ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩২ জন।
সর্বশেষ সাতজনসহ হাম এবং হামের উপসর্গ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭৫ জন ও আক্রান্ত ৪৩ হাজার ৬৫৩ জন।
মমেকে আরো ১ শিশুর মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
গতকাল সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটি ছেলে, বয়স চার মাস, বাড়ি নগরীর মাসকান্দা এলাকায়। গত ৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।



