এএফপি
নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মুক্ত করার গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চেয়ে মঙ্গলবার একটি আবেদনে স্বাক্ষর করেছেন শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মী। তাদের মধ্যে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও রয়েছেন।
‘পেসিং দ্য ফ্রন্টিয়ার’ শীর্ষক ওই আবেদনে যুক্তরাষ্ট্র সরকারকে ‘স্বয়ংক্রিয় এআই উন্নয়নের অগ্রযাত্রাকে পরিকল্পিতভাবে ধীর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক উদ্যোগে সহায়তা’ করার আহ্বান জানানো হয়েছে।
তবে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আবেদনে স্বাক্ষর করেননি। তবে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নির্মাতাদের দ্রুত অগ্রগতিতে স্বেচ্ছায় কিছুটা বিরতি দেয়ার প্রয়োজন হতে পারে, যাতে সমাজ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার সময় পায়। আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের গবেষণা প্রধান, গুগলের এআই সহযোগী প্রতিষ্ঠান ডিপমাইন্ডের কৌশলগত প্রধান এবং মেটা এআইয়ের প্রধান বিজ্ঞানী।
আবেদনে বলা হয়, ‘বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো মনে করছে, তারা হয়তো এআই গবেষণাকে স্বয়ংক্রিয় করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এতে এআইয়ের অগ্রগতি কতটা ত্বরান্বিত হবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সক্ষমতার উন্নয়ন এত দ্রুত এগিয়ে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে, যা থেকে তৈরি হওয়া ব্যবস্থাগুলোকে বোঝা বা নিয়ন্ত্রণ করার সক্ষমতার বাইরে চলে যেতে পারে।’



