গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা

Printed Edition
গাজা সিটির ইয়ারমুক এলাকায় আল-মুত্তাকিন মসজিদ ও আশপাশের ভবনগুলোতে ইসরাইলের সামরিক বিমান হামলার পর আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা  : ইন্টারনেট
গাজা সিটির ইয়ারমুক এলাকায় আল-মুত্তাকিন মসজিদ ও আশপাশের ভবনগুলোতে ইসরাইলের সামরিক বিমান হামলার পর আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা : ইন্টারনেট

নয়া দিগন্ত ডেস্ক

গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত এবং আরো ১২ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি মসজিদ ও শত শত বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাঁবুও ধ্বংস হয়েছে। আলজাজিরার জানায়, মঙ্গলবার গাজা সিটির ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) ভবনের কাছে অবস্থিত আল-মুত্তাকিন মসজিদে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। একই সাথে মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা পরিচালনা করা হয়। আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, হামলার আগে সংশ্লিষ্ট এলাকায় সতর্কবার্তা দেয়া হলেও নিরাপদে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের খুবই অল্প সময় দেয়া হয়েছিল। ফলে অনেক মানুষ পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর আগে গাজার এক হাজার ২৭৫টি মসজিদের মধ্যে এক হাজার ৫০টি মসজিদ পুরোপুরি ধ্বংস এবং ১৯১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ দিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক এক হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আবু আজ্জুম জানান, ব্যস্ত একটি বাজারে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।