বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ জামায়াত নেতা সেলিম উদ্দিনের

Printed Edition
শেওড়াপাড়ায় শিশুদের মধ্যে কলম ও খাবার বিতরণ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন  : নয়া দিগন্ত
শেওড়াপাড়ায় শিশুদের মধ্যে কলম ও খাবার বিতরণ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে, কারণ কাজ ছাড়া বাংলাদেশের মানুষ কাউকেই নেতা হিসেবে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সেলিম উদ্দিন বলেন, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’- এই অঙ্গীকার বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। কথার বদলে কাজের মাধ্যমে ঢাকা শহরকে বদলে দেয়ার লক্ষ্য তাদের। তিনি উল্লেখ করেন, বর্জ্য কোনো সমস্যা নয়; সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে সম্পদে পরিণত করা সম্ভব। এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে। এসব বিনে সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব কলম।

তিনি আরো বলেন, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কাগজ ও কলমসহ বিভিন্ন পণ্য তৈরির শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জনগণ সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকেই স্থানীয় নির্বাচনে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম এবং টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।