টাইমস অব ইসরাইল
লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় দুজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও এই অঞ্চলটিতে ইসরাইলি সেনাদের সাথে লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। শনিবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের এগোজ ইউনিটের ডেপুটি স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন শাহার গামলা (২৩) বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
শুক্রবার পৃথক আরেক ঘটনায় গিভাটি ব্রিগেডের শাকেড ব্যাটালিয়নের সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) দুর্ঘটনাবশত আগ্নেয়াস্ত্র থেকে বের হওয়া গুলিতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, এসব ঘটনার সময় সেখানে বিরাজমান পরিস্থিতি তদন্ত করে দেখছে সামরিক পুলিশ। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইল দক্ষিণ লেবাননে ভারি বোমাবর্ষণ অব্যাহত রাখার মধ্যেই প্রাণঘাতী এই ঘটনাগুলো ঘটেছে।



