বিশ্বকাপের বাকি ৩ দিন

স্টেডিয়ামে পানি আনার নিয়ম শিথিল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই সমর্থকদের তীব্র সমালোচনার মুখে স্টেডিয়ামে পানি বহনের নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে দর্শকদের নির্দিষ্ট আকারের সিল করা পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

প্রথমে ফিফা ঘোষণা দিয়েছিল, দর্শকরা শুধু খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নিতে পারবেন। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে সেই অনুমতিও বাতিল করা হয়। এর ফলে দর্শকদের স্টেডিয়ামের ভেতর থেকেই পানি বা কোমল পানীয় কিনতে হতো, যা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

তবে প্রচণ্ড সমালোচনার মুখে ফিফা নতুন ব্যাখ্যায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচগুলোতে প্রত্যেক দর্শক একটি করে ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার কারখানায় সিল করা নরম প্লাস্টিকের পানির বোতল সাথে নিতে পারবেন। তবে শক্ত কাঠামোর বা পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধই থাকবে।