মিসরকে হারাল ব্রাজিল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে জয়ের আনন্দের মাঝেই দুশ্চিন্তা বাড়িয়েছে ডিফেন্ডার ওয়েসলি ফ্রান্সার চোট।

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় কুঁচকির পেশিতে অস্বস্তি অনুভব করে কান্নাজড়িত অবস্থায় মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। তার চোট কতটা গুরুতর, তা জানতে মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ওয়েসলির পেশিতে সমস্যা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে পরিস্থিতি কী। আমি আশা করি সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ফিরবে। যদি না পারে, তাহলে বিকল্প খেলোয়াড় বেছে নিতে হবে।’

ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। সপ্তম মিনিটে মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে চার মিনিট পরই সমতা ফেরায় মিসর। ব্রাজিল অধিনায়ক মারকুইনহোসের ভুল পাস কেড়ে নিয়ে জালে বল পাঠান মোস্তফা জিকো।

বিরতির পর একাধিক পরিবর্তন আনেন আনচেলত্তি। এর সুফলও পায় ব্রাজিল। ৫৭তম মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ।

ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। তার উপস্থিতিতে মিসর কিছুটা আক্রমণাত্মক হলেও আর গোল করতে পারেনি।

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘খেলোয়াড়রা দারুণ তীব্রতা ও ছন্দ নিয়ে খেলেছে। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে।’

আগামী শনিবার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এদিকে একই দিনে অপর প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড ৪-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে, হাইতি ২-১ গোলে পেরুর কাছে পরাজিত হয়েছে। ফলে বিশ্বকাপের আগে গ্রুপ ‘সি’তে প্রতিদ্বন্দ্বীদের প্রস্তুতিও নজরে রাখছে ব্রাজিল শিবির।