আইসিএপিপির সাথে এনসিপির উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

Printed Edition
আইসিএপিপির প্রতিনিধিদলের সাথে এনসিপির নেতারা : নয়া দিগন্ত
আইসিএপিপির প্রতিনিধিদলের সাথে এনসিপির নেতারা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে এশিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ গঠনে তরুণ নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক সংলাপ জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। আইসিএপিপির সাথে এনসিপির এটিই প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক সম্পৃক্ততা।

গতকাল রাজধানীর বাংলামোটরে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইসিএপিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ওহ সং। অন্য দিকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে এনসিপির আন্তর্জাতিকবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা, যুগ্ম সদস্যসচিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। আলোচনায় আইসিএপিপির মহাসচিব ওহ সং বলেন, বর্তমান সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক নেতৃত্বের বিকাশ অপরিহার্য। এ সময় তিনি আসন্ন আইসিএপিপি সাধারণ পরিষদে এনসিপির অংশগ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকে নেতৃত্ব বিনিময় কর্মসূচি, অভিজ্ঞতা আদান-প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ সুশাসন প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অঞ্চলের উদীয়মান রাজনৈতিক নেতাদের মধ্যে আরো শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করে। উল্লেখ্য, আইসিএপিপি এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে কাজ করা একটি মর্যাদাপূর্ণ বহুপক্ষীয় প্ল্যাটফর্ম। সংগঠনটি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে।