দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। গতকাল বেলা ১টার পর জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির ব্যানারে অবস্থান নেন তারা। বেলা পৌনে ৪টা পর্যন্ত তারা ট্রাইব্যুনালের গেটের সামনে অবস্থান করেন। এ সময় তারা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবিতে স্লোগান দেন।
নিহতদের পরিবারের সদস্যরা বলেন, আট মাস অতিবাহিত হলেও এখনো হত্যার বিচার হচ্ছে না। আমরা সুষ্ঠু বিচার চাই। বিচারের নামে রঙ্গমঞ্চ ও তামাশা করা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।
শুরুতে দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনালের গেটের সামনে জুলাই মঞ্চের ব্যানারে একটি মিছিল নিয়ে আসা হয়। জুলাই হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা।
এ সময় শহীদ আমিনের মা বলেন, আমাদের সন্তানদের বিচার চাই। সরকার গদিতে বসে সব ভুলে গেছে। আমরা আমাদের সন্তান হারিয়েছি। তারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে। হাসিনার অত্যাচারের শিকার হয়েছে সবাই।
নিহত নাদিমুল হাসান সেলিমের বাবা বলেন, আমার ছেলেকে শেখ হাসিনা খুন করেছে। তার মতো স্বৈরাচার যেন দেশে আর না আসে। বিচারের দাবিতে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তারা ক্ষমতায় বসে আমাদের আর খবর রাখে না। কেন খবর রাখেন না তা আমরা জানতে চাই।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাদের সন্তান শহীদ হয়েছেন, তারা বিচারের দাবি করতেই পারেন। সেটা তাদের অধিকার। আমরা আন্তরিকভাবেই চেষ্টা করছি অভিযোগের তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার।
জঙ্গি অভিযানের নামে ৯ যুবক হত্যা মামলা : সাবেক আইজিপিসহ ৩ জন কারাগারে
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি বাড়িতে ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নাটক সাজিয়ে ৯ জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো: জসীম উদ্দীন মোল্লা। গতকাল চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদের হাজির করা হলে আদালত এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেনÑ বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আগামী ৭ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।
এর আগে সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো: জসীম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে আনা হয়।
গতকাল শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামে একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে সোয়াত, সিটিটিসিসহ গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে, এই ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে বহু আগে। কেউ কেউ ডিবি হেফাজতে ছিলেন দুই-তিন মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন। সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে।
ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে : চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মামলার সংখ্যা বেড়েছে, আসামির সংখ্যা বেড়েছে। এ কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ ছাড়া তদন্তে গতি আনতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে জনবল বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
এ দিকে মিরপুরে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি এম এম মইনুল ইসলামসহ আসামিদের বিরুদ্ধে আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহাসহ এই মামলার আসামিদের বিরুদ্ধে আগামী ২৮ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।



