হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে পাঁচ মাসে এই রোগে মোট মৃত্যু ৯৩৩ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং অপরজন সিলেট বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৮ জন। এরমধ্যে এক হাজার ৯৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৪ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৩৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩৪ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৪৯ হাজার ৫০৩ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৮ হাজার ৪০৪ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ৯০৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩০ হাজার ৬০৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ২৫ হাজার ৯৭৫ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৪৩, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৩, বরিশালে ৬৮, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।