বিবিসি
বিদেশে তৈরি নতুন প্রজন্মের মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট আমদানির ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব রোবট দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে- এমন যুক্তি দেখিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, মানবসদৃশ রোবটের পাশাপাশি চার পায়ের (কোয়াড্রুপেড) রোবটের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এই আইনি বাধা প্রযোজ্য হবে। উল্লেখ্য, এই ক্যাটাগরির রোবটগুলোর একটি বড় অংশ চীনে উৎপাদিত হয়। বর্তমানে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রযুক্তিগত প্রতিযোগিতা চলছে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ডেটা সেন্টার এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত পাওয়ার ইনভার্টার আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে। এফসিসির মতে, জাতীয় অর্থনীতি ও সাইবার নিরাপত্তার জন্য এই যন্ত্রগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এফসিসি এসব বিদেশী প্রযুক্তি পণ্যকে তাদের নিরাপত্তাসংক্রান্ত ‘কভার্ড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করেছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, দূরবর্তী নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগ নিয়ে বিদেশী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট সাইবার অপরাধী চক্র এসব ইনভার্টার বন্ধ করে দেয়া, সংবেদনশীল তথ্য চুরি কিংবা গুপ্তচরবৃত্তির কাজে অপব্যবহার করতে পারে।



