ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনের সংবাদমাধ্যম ‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে কিয়েভের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, সোলোমিয়ানস্কি জেলায় হামলার পর একটি নয়তলা আবাসিক ভবন ধসে পড়ে এবং ভবনটিতে আগুন ধরে যায়। হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, আরেকটি আবাসিক ভবনে মানুষ আটকা পড়েছেন এবং স্বিভাতোশিনস্কি ও সোলোমিয়ানস্কি জেলার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রাজধানীতে ‘ব্যাপক হামলায়’ কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন এবং আবাসিক ভবন ও গুদামগুলোতে আগুন লেগেছে। উদ্ধারকর্মীরা হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে দু’জনকে উদ্ধার করেছেন।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেছেন, এই অঞ্চলের ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
তাকাচেঙ্কো আরো বলেন, হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর জন্য সংশ্লিষ্ট সব পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।
সূত্র: আল জাজিরা



