যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনের পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ আইনের আওতায় সাজা দেয়া হবে না বলে রায় দিয়েছেন দেশটির আদালত।
লন্ডনের প্রেস্টন ক্রাউন কোর্টে শুক্রবার বিচারক রবার্ট আলথাম এ রায় দেন। রায়ের পর আদালতের বাইরে জড়ো হওয়া সমর্থকেরা উল্লাস ও ফিলিস্তিনপন্থী স্লোগান দেন।
গত জুনে ব্রেন্ডন ও’হাগান (২৮), আমান্ডা কেলি (৩১), হমিরা আতীকনিসার (৩১), মোহাম্মদ মালিক (২৮) এবং আলমা ইয়ানিভ (৭০) ল্যাঙ্কাশায়ারের বার্নলি শহরে বার্কলেস ব্যাংকের একটি শাখায় প্রায় ২ লাখ ১২ হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতির ঘটনায় দোষী সাব্যস্ত হন। ২০২৪ সালের আগস্টে ইসরাইলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসে বার্কলেসের বিনিয়োগের প্রতিবাদে তারা ওই কর্মসূচি করেছিলেন।
মোহাম্মদ মালিকের মা ডোভ মালিক আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের এবং ফিলিস্তিনের জন্য বিজয়। পাঁচ কর্মীও এক যৌথ বিবৃতিতে রায়ে ‘চরম স্বস্তি’ প্রকাশ করেন। তাদের ভাষ্য, তারা ফৌজদারি ক্ষয়ক্ষতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছিলেন; বিচার চলাকালে তাদের বা জুরিকে জানানো হয়নি যে, দোষী সাব্যস্ত হলে সন্ত্রাসী হিসেবে সাজা দেয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
পাঁচজনকে আগামী ৪ সেপ্টেম্বর সাজা দেয়ার কথা রয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগের সময় প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি। তবে রায় ঘোষণার পর মামলার বিচারক ফিলিপ প্যারি ‘সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ আছে কি না, তা বিবেচনার কথা জানান। এর আগে ব্রিস্টলের ফিলটনে এলবিট সিস্টেমসের একটি স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনায় দোষী সাব্যস্ত চার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীকে একই ধরনের আইনি প্রক্রিয়ায় সন্ত্রাসী হিসেবে সাজা দেয়া হয়েছিল।
আইনজীবী রাজ চাডা বলেন, ‘সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ সংক্রান্ত আইন বহু পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে তা প্যালেস্টাইন অ্যাকশনের মামলাতেই প্রয়োগ করা হচ্ছে বলে তাদের অভিজ্ঞতা। তার মতে, নিষিদ্ধ হওয়ার আগের কর্মকাণ্ডের জন্য সংগঠনটির কর্মীদের বিরুদ্ধে এভাবে আইন প্রয়োগ করা অত্যন্ত অস্বাভাবিক।
অন্যদিকে, মানবাধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, ২০২৫ সালের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে ৩ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বয়স ৬০ বছরের বেশি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান কেরি মস্কোগুরি শুক্রবারের রায়কে স্বাগত জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে ‘ব্যাপক সন্ত্রাসবিরোধী ক্ষমতার অপব্যবহার’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রক্রিয়া সরকারের শুরু করা উচিত।
সূত্র : আল জাজিরা



