তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে পানিতে ডুবে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

১৯ জুন থেকে এ পর্যন্ত ৩০১ জন পানিতে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের গ্রীষ্মের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।

নয়া দিগন্ত অনলাইন
গরমে স্বস্তি পেতে পানিতে ফ্রান্সের লোকজন
গরমে স্বস্তি পেতে পানিতে ফ্রান্সের লোকজন |সংগৃহীত

চলতি গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি এ তথ্য জানান। ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের সাথে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ১৯ জুন থেকে এ পর্যন্ত ৩০১ জন পানিতে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের গ্রীষ্মের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।

তিনি এটিকে ‘দুঃখজনক পরিসংখ্যান’ হিসেবে উল্লেখ করেন। বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের তাপপ্রবাহ আরো তীব্র হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, ‘অনেক মানুষ পানিতে নামতে গিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন।’

‘সাঁতারের জন্য অনুমোদিত বা তত্ত্বাবধানে নেই, এমন জায়গায় অনেক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।’

১৫ জুলাই ফেরারি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে পানিতে ডুবে প্রাথমিকভাবে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : এএফপি/বাসস