রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বন্দরনগরীতে ইউক্রেনের চালানো বুধবারের হামলায় এক নারী নিহত এবং অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, তাগানরগ শহরে চালানো হামলায় নিক্ষিপ্ত রকেটের ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক ভবনের ওপর পড়ে। এতে এক নারী নিহত এবং এক পুরুষ ব্যক্তি আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় স্লিউসার জানান, ‘ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। তাদেরকে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।’
প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা জোরদার করেছে।
জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলার মাত্রাও ব্যাপকভাবে বাড়িয়েছে।
সূত্র : বাসস



