রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে, চার বছর ধরে চলা এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে বিশ্বনেতারা লন্ডনে বৈঠকে বসছেন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে, চার বছর ধরে চলা এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে বিশ্বনেতারা লন্ডনে বৈঠকে বসছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (৭ জুন) ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সাথে যুদ্ধের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবেন।

এদিকে রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণে সামরিকভাবে কিছু বিপর্যয়ের মুখে পড়ছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ৫৬ বছর বয়সী এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

রোববার টেলিগ্রামে আঞ্চলিক সামরিক প্রধান ওলেক্সান্দর গানঝা এক পোস্টে জানান, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দু’টি জেলার ওপর রুশ ড্রোন ও বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে।

তিনি আরো বলেন, রাশিয়ার পৃথক এক হামলায় ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ওলেক্সান্দর গানঝা বলেন, ওই হামলায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

চলতি মাসের শুরুতে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)-এর তথ্যের ওপর বার্তাসংস্থা এএফপির বিশ্লেষণে দেখা গেছে, টানা দ্বিতীয়বারের মতো মে মাসে ইউক্রেন রুশ বাহিনীর কাছে হারানো অঞ্চলের চেয়ে বেশি ভূখণ্ড পুনরুদ্ধার করেছে।

এদিকে রাশিয়ার আক্রমণাত্মক যুদ্ধের কারণে মূল্যস্ফীতি, কর বৃদ্ধি, গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ ঋণ গ্রহণ ব্যয়, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ও শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।

এতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে দেশটির অর্থনীতিকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

এদিকে জেলেনস্কি বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্য এক চিঠিতে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন এবং ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’-তে সম্মত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে পুতিন রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে এমন দাবি নাকচ করেন।

তিনি বলেন, ‘আমরা ইউরোজোন দেশগুলোর মতোই একই স্তরে আছি, যেখানে গত কয়েক বছর ধরে প্রবৃদ্ধি হয়েছে।’

সূত্র: বাসস