রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

ইউক্রেনের খেরসন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন
ড্রোন |সংগৃহীত

ইউক্রেনের খেরসন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে শুক্রবার (৫ জুন) জানিয়েছে ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ।

মস্কো ও কিয়েভ সাম্প্রতিক মাসগুলোতে একে অপরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে।

ইউক্রেনের খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শানকো বলেন, ‘রাশিয়ার ড্রোন হামলায় কোরাবেলনি জেলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।’

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিভিন্ন জেলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর-পূর্ব ইউক্রেনের কোনোটপ শহরে রুশ হামলায় তিন শিশু আহত হয়েছে বলে মেয়র আর্তেম সেমেনিখিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন।

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শুক্রবার ভোরে বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র: বাসস