ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের দূতদের সাথে বৈঠকে রাশিয়া যুদ্ধের অবসানে সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সোমবার এ তথ্য জানিয়েছে।
ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সঙ্ঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ হিসেবে সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।
বৈঠকগুলোতে অগ্রগতির কথা তুলে ধরে উইটকফ যুদ্ধ অবসানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার কথা বলেছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জেলেনস্কি বলেন, দীর্ঘ ও তীব্র শীত শুরুর আগে সঙ্ঘাতের উত্তেজনা কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে প্রতি শীতেই রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর ফলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সময় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা মার্কিন দূতেরা তাকে জানিয়েছেন, ‘রাশিয়ানরা আলোচনায় বসতে প্রস্তুত।’
জেলেনস্কি বলেন, রাশিয়া মনে করে, এই শীতকাল ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দিতে সাহায্য করতে পারে।
তবে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তেজনা কমাতে চাপ দিতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, পুতিন তার মার্কিন প্রতিপক্ষকে ‘অসন্তুষ্ট করতে চান না’।
জেলেনস্কি জানান, সপ্তাহান্তের আলোচনায় জ্বালানি স্থাপনা, শস্য পরিবহন ও তেল-গ্যাস রফতানি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ছিল। তবে তিনি এসব বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা এবং আসন্ন শীতকে আগের শীতগুলোর মতো না হতে দেয়াই যুক্তরাষ্ট্রের উদ্যোগের লক্ষ্য।
সূত্র : বাসস



