ব্রিটেনের ৮০ জনেরও বেশি এমপি ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়েছেন।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ব্রিটেনের পার্লামেন্ট সদস্য রিচার্ড বার্গন ঘোষণা করেছেন, দেশটির হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের নয়টি ভিন্ন রাজনৈতিক দলের ৮০ জনেরও বেশি সদস্য একটি যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরাইলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা।
পার্লামেন্টে লেবার পার্টির উত্থাপিত ‘শান্তির জন্য নিষেধাজ্ঞা' শীর্ষক প্রস্তাব নিয়ে কয়েকদিনের আলোচনা শেষে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবটিতে উগ্র বসতি স্থাপনকারীদের শাস্তির আওতায় আনা এবং ইসরাইলি বসতিগুলোর সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: পার্সটুডে



