৭.১ মাত্রার ভূমিকম্প

জাপানে শপিং মলে ধস, আটকে আছে অনেকে

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে বহু মানুষ আটকা পড়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পর উপকূলীয় এলাকার জন্য জারি করা সুনামি সতর্কতাও প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লাগে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে প্রধান দ্বীপ কিউশুর বিভিন্ন স্থানে আগুন, সড়কে ফাটল, ক্ষতিগ্রস্ত সেতু এবং লাইনচ্যুত একটি মালবাহী ট্রেন দেখা গেছে।

এনএইচকে জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন রয়েছে।

শপিং মলে উদ্ধার অভিযান

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি অভিযান চলছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার ওই শপিং মল থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পাওয়া যায়। তখন কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তাকাচি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা হচ্ছে। ইতোমধ্যে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিভ্রাট, সড়ক ও সেতুর ক্ষতি এবং ভবন ধসের ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি মূল্যায়নের পর কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

সূত্র: সিবিএস