দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং রোববার (৭ জুন) হান সেওং-সুককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। সংসদের অনুমোদন পেলে হান দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবেন।
হান বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ও স্টার্টআপ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই মনোনয়ন এমন সময় দেয়া হলো, যখন বুধবারের স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট লি’র দল বড় জয় পেলেও, গুরুত্বপূর্ণ সিউল মেয়র পদটি বিরোধীদের কাছে হেরে যায়।
নির্বাচনে ব্যালট পেপারের ঘাটতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং দেশজুড়ে ৫০টি ভোটকেন্দ্রে এর প্রভাব পড়ে। এ ঘটনায় রাষ্ট্রীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রধান পদত্যাগ করেন।
প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট লি মনে করেন হান সিওং-সুক এমন এক নারী, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন ও বৈশ্বিক সঙ্কটের জটিল পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবিকা নিশ্চিত করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।’
হানের নিয়োগের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন হবে। তবে কোনো গুরুতর নৈতিক বা রাজনৈতিক বাধা না এলে, তার অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ৩০০ সদস্যের জাতীয় পরিষদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
অনুমোদন পেলে, ৫৮ বছর বয়সী হান হবেন দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
এর আগে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হান মিয়ং-সুক। তিনি ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বিদায়ী প্রধানমন্ত্রী কিম মিন-সুক ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাসস



