জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, চলছে উদ্ধার অভিযান

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। একই সাথে ভূমিকম্প-পরবর্তী আফটারশকের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এখনো বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাবে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূলসংলগ্ন সাগরের তলদেশে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কিউশুর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। একই সাথে ভূমিকম্প-পরবর্তী আফটারশকের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্র : সিএনএন, বিবিসি।