ভারতের বিহারের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে চারজন রোগীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে মুজাফফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগার পর এ হতাহতের এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৩টা ৫৫ মিনিটে জরুরি ফোন পেয়ে দমকল বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দু‘জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।’
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, ‘আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং সিসিইউতে আরো কয়েকজনকে ছিলেন। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি



