ভারতে মহররম উপলক্ষে বের হওয়া একটি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী অন্তত তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ও আহত হয়েছেন আরো ১২ জন।
বৃহস্পতিবার রাতে দেশটির মধ্যপ্রদেশের রতলাম জেলার একটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।জানা গেছে, তাজিয়া মিছিলটি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি যাওয়ার সময় একটি বিদ্যুৎ লাইনের সাথে তাজিয়ার ধাক্কা লাগে। এতে তাজিয়া বহনকারী ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের সংস্পর্শে আসার কারণে পাশে থাকা অন্যান্য মানুষও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তারা উল্লেখ করেছেন।
জানা গেছে, মাটির ওপর প্রায় ২০ থেকে ২৫ ফুট উচ্চতায় থাকা একটি ১১ কেভি (কিলোভোল্ট) বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে ধাক্কা লাগার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
রতলামের পুলিশ সুপার অমিত কুমার জানান, এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দুর্ঘটনার পরবর্তী চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের চিত্র দেখা গেছে, যেখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বেশকিছু মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় কর্মকর্তারা ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন। অথচ প্রতিবছর তাজিয়া মিছিলের সময় সতর্কতা হিসেবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নিয়ম রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার সময় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাসহ দুই শতাধিক মানুষ ওই তাজিয়া মিছিলে অংশ নিতে জড়ো হয়েছিলেন।
সূত্র: ইটিভি ভারত, ইন্ডিয়া টুডে ও অন্যান্য



