নতুন তৃণমূলে যোগ দেয়ার যাবতীয় সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ঘাটালের লোকসভা সদস্য ও অভিনেতা দেব। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে একটি বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন। দেব স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন না এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি তার সাথেই থাকবেন।
মঙ্গলবার (৯ জুন) ভারতের একটি সংবাদমাধ্যম জানায়, এ সময় নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেব বলেন, আমার ভালোবাসা সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অটুট থাকবে। আমি নতুন কোনো তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, আমি তার সাথেই আছি।
যদিও নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে দেব কিছুটা সতর্ক থেকেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ঠিক কী ঘটবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন আমি তার পাশেই থাকব।
সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠকের পর এদিনের মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেয়া প্রসঙ্গে দেব জানান, ঘাটালের লোকসভা সদস্য হিসেবেই তিনি এই প্রশাসনিক সভায় যোগদান করেছেন।
তার কথায়, যারা ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, তারা যেন কোনোভাবেই মনে না করেন যে তিনি ভুল মানুষকে ভোট দিয়ে জিতিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ঘাটালের সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং এলাকার সামগ্রিক উন্নয়নের দাবি নিয়েই তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন।
মঙ্গলবারের এই প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান দেব। প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি জানান।
দেব বলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো বন্যা। এই বন্যার স্থায়ী সমাধানই হলো ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য ২০১৪ সাল থেকে লড়াই চলছে। ২০২৪ সালে ভোটে তিনি যে প্রথমে দাঁড়াতে চাননি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকে প্রতিশ্রুতি দিয়ে রাজি করিয়েছিলেন, সেই পুরনো কথাও স্মরণ করেন দেব।
সৌজন্যের রাজনীতির বার্তা দিয়ে তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারী যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তা অস্বীকার করার কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রীও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন জানিয়েছেন যে, দেব এ বিষয়ে কথা বলেছেন এবং এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও ছিল, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।



