তেহরান-ইসলামাবাদ সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে : শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও সম্পর্কের নতুন ধাপে প্রবেশ করছে। সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সমঝোতা জোরদার হচ্ছে এবং এতে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ |সংগৃহীত

ইরান ও পাকিস্তান অর্থনৈতিক সমৃদ্ধি, বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গতকাল শুক্রবার জাতীয় পরিষদে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরের পর এই সুযোগ তৈরি হয়েছে। এই শান্তি চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতা করায় বিশ্বজুড়ে পাকিস্তান আজ বড় স্বীকৃতি পাচ্ছে, যা পুরো জাতির জন্য এক গর্বের মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদারই প্রমাণ।

এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকার জন্য তিনি ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরকে ধন্যবাদ জানান এবং সেই সাথে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।

এই সাফল্যকে পুরো দেশের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকেও জাতীয় ঐক্যের ডাক দেন। একইসাথে সফল মধ্যস্থতার স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে একটি সর্বসম্মত প্রস্তাবও পাস হয়েছে।

বক্তব্যে শাহবাজ শরিফ জানান, গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ফোন করে কঠিন সময়ে পাশে থাকার জন্য পাকিস্তানের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। জবাবে শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর জানাজায় অংশ নেয়ারও আমন্ত্রণ জানান।

শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন, পাকিস্তানের একটি প্রতিনিধিদল এই জানাজায় অংশ নেবে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটাই কমে এসেছে, যার সুফল দিতে পাকিস্তান সরকার দেশের ভেতরেও পেট্রোলিয়ামের দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে। সঙ্কট মোকাবিলায় সহায়তার জন্য ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, তুরস্ক ও চীনকে ধন্যবাদ জানানো হয়েছে।

এদিকে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে গতকাল এক ফোনালাপে শাহবাজ শরিফ এই ঐতিহাসিক চুক্তি সফল করার পেছনে সৌদি আরবের দৃঢ় ও ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন এবং সঙ্কটজুড়ে যুবরাজের বিচক্ষণ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।

জবাবে সৌদি যুবরাজও পাকিস্তানের ভূমিকার এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তবে চুক্তির পরবর্তী ধাপগুলো যাতে মসৃণভাবে এগোয় এবং কোনো পক্ষ যাতে এই শান্তি প্রক্রিয়া নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে দুই নেতাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে পাকিস্তানের জন্য একটি বড় অর্থনৈতিক সহায়তা প্যাকেজ চূড়ান্ত করার বিষয়েও সৌদি আরবের সাথে আলোচনা প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানান।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন