জোর করে বাংলাদেশে পাঠানো মুমতাজ বেগমের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় আদালতের

ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনো রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম।

নয়া দিগন্ত অনলাইন
গুয়াহাটি হাইকোর্ট
গুয়াহাটি হাইকোর্ট |সংগৃহীত

ভারত থেকে বাংলাভাষী মুসলিম নারী মুমতাজ বেগমকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা (জোর করে প্রবেশ করিয়ে দেয়া) ঘটনায় ভারতের আসামের রাজ্য সরকারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট।

ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনো রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম।

মুমতাজ বেগমের পরিবার গুয়াহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করার পর জানতে পারে যে তাকে জোর করে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

এই মামলায় হাইকোর্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পক্ষভুক্ত করে।

আদালত জানিয়েছে, মুমতাজ বেগমকে বাংলাদেশে খুঁজে বের করে তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ‘চেষ্টা চালাতে’ নির্দেশ দেয়া হবে।

মুমতাজ বেগমকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

হেবিয়াস কর্পাস মামলার ভিত্তিতে শুনানি করতে গিয়ে বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ বলেছে, ফরেনার্স ট্রাইব্যুনাল যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে আদালত মনে করেছে যে, আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিদ্বেষপ্রসূত পদক্ষেপের বিষয়টি নথি থেকেই স্পষ্ট।

সূত্র : বিবিসি