পাকিস্তানে পেট্রোলের দাম আরো এক দফা কমাল সরকার। এবার প্রতি লিটার পেট্রোলের দাম ৪ রুপি কমানো হয়েছে। তবে হাই-স্পিড ডিজেলের দাম আগের মতোই রাখা হয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই দাম আজ শনিবার (৬ জুন) থেকে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুযায়ী, দাম কমার পর প্রতি লিটার পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ৩৭৭ দশমিক ৭৮ রুপি, যা আগে ছিল ৩৮১ দশমিক ৭৮ রুপি। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ৩৮০ দশমিক ৭৮ রুপি বহাল রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণেই এই সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত সপ্তাহেও পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমানো হয়েছিল, যা সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়েছিল।
সূত্র : পাকিস্তান ট্রিবিউন



