ইসরাইলের সাথে ইরানের সংঘাত নতুন করে শুরু হতেই জরুরি বিবৃতি জারি করলো ভারত সরকার। ইরানে থাকা সব ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়তে বলা হয়েছে। সেইসাথে যারা ইরানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদেরও তা বাতিল করতে বলেছে সরকার। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি।
রোববার থেকে ইরান-ইসরাইলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানা গেছে। এর পরই ইসরাইলের পক্ষ থেকে পাল্টা আক্রমণ চালানো শুরু হয়। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা না চালানোর জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন তিনি। তারপরও সোমবার ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার (৮ জুন) সকালে একটি বিবৃতি জারি করে। তাতে বলা হয়েছে, ‘এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে দূতাবাস আগের পরামর্শই বহাল রাখছে। সকল ভারতীয় নাগরিককে এখন ইরানে না আসার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া, যে ভারতীয়রা বর্তমানে ইরানে আছেন, যেকোনোভাবেই হোক, এই দেশ ছাড়ুন।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছিল। তার পর থেকে একাধিক বিবৃতি জারি করে ভারতীয় দূতাবাস নানা পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষাকেই প্রাধান্য দেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি স্থাপনের জন্য সমঝোতার আলোচনা চলছে। ট্রাম্পের দাবি, তারা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইসরাইলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত সেই আলোচনায় প্রভাব ফেলে কি না, চুক্তি ফের ভণ্ডুল হয়ে যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



