সিকিমের নামচি জেলার সামারডুং-এ তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন টানেলের একাংশ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নামচির এসপি সোনম দোলমা বার্তাসংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো ঘটনাস্থলে উদ্ধারের কাজ চলছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে হঠাৎই ধসে যায় নির্মাণাধীন ওই টানেলের একটা অংশ। সেখানে উপস্থিত শ্রমিকদের দু’জন কোনো মতে বের হতে পারলেও ২৫ জন টানেলের ভেতরে আটকে পড়েন।
উদ্ধারকাজ শুরু হলে সিকিম পুলিশ, দমকল বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ এবং কয়লাখনি বিশেষজ্ঞরা এতে যোগ দেন।
জাতীয় জলবিদ্যুৎ করপোরেশন, এনএইচপিসি এক বিবৃতিতে বলেছে যে, হঠাৎ মিথেন গ্যাস নির্গমনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে।
এ টানেলটি এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ।
সূত্র: বিবিসি



