ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। শনিবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক নোটিশে জানায়, ভারতের নিবন্ধিত, পরিচালিত বা লিজ নেওয়া কোনো সামরিক ও বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
২০২৫ সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহলেগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
এর জেরে গত বছরের ২৩ এপ্রিল ভারত ৬৫ বছরের পুরনো সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত করে, ভিসা বাতিল করে এবং ওয়াগাহ সীমান্ত বন্ধ করে দেয়। সেই সাথে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশন বন্ধ করে দুই দেশই কূটনৈতিক কর্মী কমিয়ে আনে।
পরবর্তীতে মে মাসে উত্তেজনা আরও বাড়ে। কাশ্মীরের ছয়টি শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হলে পাকিস্তান তিনটি রাফাল জেটসহ ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে। ভারতও পাকিস্তানের বিমানঘাঁটিতে হামলা চালালে জবাবে পাকিস্তান 'অপারেশন বুনিয়ানুম মারসুস' শুরু করে ভারতের সামরিক ঘাঁটির ক্ষতিসাধন করে।
অবশেষে তীব্র কূটনৈতিক প্রচেষ্টায় গত বছরের ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই সংঘাতের জের ধরেই পাকিস্তানের আকাশপথে ভারতের ওপর এই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।



