ভারতে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা

জ্বালানিনির্ভর ভারতের সাথে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সাথে বৈঠক করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেলসি রড্রিগেজ
ডেলসি রড্রিগেজ |ফাইল ছবি

আমেরিকার হাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার লালগালিচা সংবর্ধনা দিয়েছে ভারত।

জ্বালানিনির্ভর ভারতের সাথে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সাথে বৈঠক করেছেন।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনিজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর তিনি দায়িত্ব নেন।

বৈঠক শুরুর আগে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসের বাইরে মোদির সাথে করমর্দন করেন রড্রিগেজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সাথে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরো শক্তিশালী করবে।’

এমন এক সময়ে রড্রিগেজ এই ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবেলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াচ্ছে।

বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন।

ভেনিজুয়েলার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনিজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’

সূত্র : এএফপি/বাসস