বিজেপির ৩৫ বছরের দুর্গে ফাটল ধরিয়ে বিহারের উপনির্বাচনে জয় প্রশান্ত কিশোরের

বিজেপি প্রার্থী নিরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করলেন প্রশান্ত কিশোর।

নয়া দিগন্ত অনলাইন
স্পষ্ট লিড হাসিল করার পরে প্রশান্ত কিশোরের উদযাপন
স্পষ্ট লিড হাসিল করার পরে প্রশান্ত কিশোরের উদযাপন |সংগৃহীত

ভারতের বিহারে দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঁকিপুর আসনের উপনির্বাচনে জয়লাভ করলেন জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর।

নির্বাচন স্ট্র্যাটেজিস্ট বলে সুপরিচিত প্রশান্ত কিশোর বিহার বিধানসভায় জয়লাভ করতে না পারলেও নীতিন নবীন রাজ্যসভা এমপি পদে মনোনীত হলে খালি হয়ে যায় বাঁকিপুর আসনটি।

সেখানে বিজেপি প্রার্থী নিরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করলেন প্রশান্ত কিশোর।

উল্লেখ্য, নীতিন নবীন হলেন বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি।

ইতোমধ্যেই প্রশান্ত কিশোরকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহা, অর্থাৎ নীতিন নবীনের বাবার মৃত্যুর পর ২০০৬ সালে নীতিন নবীন নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন এবং তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন।

নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের পর তিনি ২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫ সালে ধারাবাহিকভাবে বাকিপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।

প্রতিটি নির্বাচনে তিনি জয়লাভ করে এই আসনে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে নবীন ৯৮,২৯৯টি ভোট পেয়ে আরজেডি প্রার্থীকে ৫১,৯৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

প্রায় ৩.৮ লাখ ভোটারের এই কেন্দ্রে জয়টি কোনোভাবেই সাধারণ ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটি ছিল তার নিরঙ্কুশ আধিপত্যের বহিঃপ্রকাশ।

সূত্র : বিবিসি