ইয়েমেনে হাউছিদের অগ্রযাত্রা ঠেকানো সম্ভব ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক সংঘাতবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সুফান সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেনেথ কাটজম্যান। তার মতে, সৌদি আরবের সামরিক সহায়তার অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে হাউছিদের অগ্রগতি থামানো যেত। কিন্তু এখন ইয়েমেন পরিস্থিতি কীভাবে সামলানো হবে, তা নিয়ে ট্রাম্পকে ‘বিভ্রান্ত’ মনে হচ্ছে।
আল জাজিরা সোমবার (১৪ সেপ্টেম্বর) জানায়, কেনেথ কাটজম্যান বলেন, 'মার্কিন বিমানবাহিনী যে নির্ভুলতার সাথে অভিযান চালায় এবং তারা যে কার্যকর, তাতে মার্কিন বিমান হামলা খুব ভালোভাবেই হাউছিদের অগ্রযাত্রা থামাতে পারত। তাহলে আজ আমরা যে সংকটের মুখোমুখি, তা হয়তো তৈরি হতো না।'
তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে ট্রাম্পকে ‘বিভ্রান্ত’ মনে হচ্ছে। একই সাথে তিনি একজন ‘কার্যকর কমান্ডার ইন চিফ’ হিসেবেও কাজ করছেন না।
কাটজম্যানের ভাষায়, 'দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র অবাধ নৌ চলাচলকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের অবাধ প্রবাহকে নিজেদের অত্যাবশ্যক স্বার্থ হিসেবে বিবেচনা করেছে। অথচ এখন ইরান ও ইয়েমেনের হাউছিদের কারণে সেই স্বার্থ চাপের মুখে পড়ছে।'
তিনি আরো বলেন, 'ট্রাম্প যেন শুধু চেয়ারে বসে আছেন, খুব কমই কিছু করছেন। আর আশা করছেন, কোনোভাবে সৌদি আরবের হাত ধরে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা কম।'


